মাগুরায় পাসপোর্ট করতে এসে মো. রিয়াস (২৪) নামের এক রোহিঙ্গা যুবক পুলিশি হাতে আটক হয়েছেন। বুধবার দুপুরে মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে মো. রিয়াস পাসপোর্টের জন্য আবেদন করলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই-বাছাইয়ের সময় সংশয় দেখা দেয়। এনআইডিতে তার নাম মো. রিয়াস, পিতার নাম রতন আলী মৃধা এবং ঠিকানা হিসেবে শ্রীপুর উপজেলার আমতৈল গ্রাম উল্লেখ ছিল। পাসপোর্ট অফিসের কর্মকর্তারা যুবকের এনআইডির তথ্য যাচাই করার পর কোনো মিল না পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে যুবক স্বীকার করেন যে তিনি আসলে রোহিঙ্গা এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন। এ সময় তিনি নিজ পরিচয় দিয়ে জানান, তার প্রকৃত নাম মো. রিয়াজ এবং বাবার নাম মো. ইলিয়াস।
এঘটনা নিশ্চিত করে মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক কামাল হোসেন খন্দকার বলেন, “পরিচয়পত্র যাচাই করার সময় অসঙ্গতি দেখা গেলে আমরা জিজ্ঞাসাবাদ করি। তখন সে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করে। এরপর আমরা পুলিশকে খবর দিলে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।”
