হাসিনার কতবার ফাঁসি হবে তা কেউ বলতে পারবে না: আমান 

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম

মানুষকে হত্যার দায়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার কতবার ফাঁসি হবে তা কেউ বলতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান।

আজ বুধবার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, ছাত্র-জনতা হত্যা মামলায় অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল। বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ড ও হেফাজতের সমাবেশে মানুষ হত্যাসহ বিভিন্ন হত্যার দায়ে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার আরও অনেকবার ফাঁসি হবে।

নির্বাচন সময় মতো অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, এ নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। একটি মহল ভারত থেকে বাংলাদেশে জ্বালাও-পোড়াও করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে শোভাপুরসহ নির্মাণাধীন বিভিন্ন রাস্তার কাজ পরিদর্শন করেন। এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত