চেয়েছিলাম বার্সেলোনায় ক্যারিয়ার শেষ করতে, কিন্তু হলো না: মেসি

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি আবারও স্পষ্ট করে বলেছেন যে, তার হৃদয়ে বার্সেলোনা ক্লাবের জন্য চিরকালীন ভালোবাসা অটুট। সম্প্রতি তিনি ‘স্পোর্ত’-এর ‘বেস্ট বার্সেলোনা প্লেয়ার অব দ্য সেঞ্চুরি’ পুরস্কার গ্রহণের সময় সাবেক ক্লাবের প্রতি এই অনুভূতি প্রকাশ করেন।

পুরস্কার গ্রহণের সময় মেসি বলেন, “আমি চাইতাম আমার পুরো ক্যারিয়ার বার্সেলোনায় শেষ করতে, অন্য কোনো ক্লাবে যেন যেতে না হয়। দুর্ভাগ্যবশত, সব কিছু আমাদের প্রত্যাশা মতো হয়নি, তবে আমি এই পুরস্কারের জন্য খুবই কৃতজ্ঞ। ,আমরা একসাথে অনেক কিছু অর্জন করেছি। ভালো এবং কম ভালো সময়ও কাটিয়েছি। এটি স্বাভাবিক, কারণ দীর্ঘ ক্যারিয়ারে সব কিছু সুন্দর হতে পারে না। বার্সেলোনা আমার ঘর, আমার স্থান এবং আমার পরিবার।’

সেই ছোট্টবেলায় বার্সেলোনার ফুটবলার তৈরির কারখানা লা মাসিয়া থেকে শুরু হয়েছিল মেসির যাত্রা। এখান থেকেই তিনি হয়ে ওঠেন ফুটবল ইতিহাসের কিংবদন্তি। ২০২১ সালে চোখের জলে তিনি বার্সা ছেড়ে পিএসজিতে গিয়েছিলেন। সেখানে তার সময়টা ভালো কাটেনি। এখন মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। তারপরও আটবারের ব্যালন ডি’অরজয়ীর মনে তার প্রিয় ক্লাব বার্সেলোনা স্থায়ী জায়গা করে নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত