রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে সুমন হত্যা মামলার একমাত্র আসামি লিমন মিয়ার আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর-৫ আদালতের বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। রাজশাহী মেট্রোপলিটন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারকের ছেলে হত্যা মামলার আসামি লিমন মিয়াকে পাঁচ দিনের পুলিশি রিমান্ড শেষে রাজশাহী মহানগর আদালত-৫-এ হাজির করা হয়। এরপর রাজপাড়া থানা-পুলিশ আবার সাত দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।
গত ১৩ নভেম্বর দুপুরে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় প্রবেশ করেন লিমন মিয়া। এ সময় তিনি বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করে এবং বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে (৪৪) গুরুতর আহত করেন। ঘটনার পরপরই ওই বাড়ি থেকে আহত অবস্থায় লিমন মিয়াকে আটক করা হয়।
