রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) শিগগিরই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বংশালের কসাইটুলীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবন পরিদর্শন শেষে এ ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
রাজউক চেয়ারম্যান বলেন, কসাইটুলীর ভবনটির রেলিং ভূমিকম্পে ভেঙে পড়লেও মালিক পক্ষ নকশা দেখাতে পারেননি। তিনি নির্দেশ দেন, আগামী সাত দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবনটি সিলগালা করা হবে।
গতকাল শুক্রবার ভূমিকম্পের পর ঢাকার বিভিন্ন এলাকায় একাধিক ভবনে হেলে পড়া ও ফাটল ধরা সংক্রান্ত খবর পাওয়া যায়। এর প্রেক্ষিতে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে সংশ্লিষ্ট ভবনগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। রাজউক চেয়ারম্যানের নির্দেশনায় এই তদন্ত কার্যক্রম পরিচালিত হয়।
রিয়াজুল ইসলাম নিশ্চিত করেন, রাজধানীর সকল ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত চিহ্নিত করে সেগুলো নিরাপত্তার আওতায় আনা হবে।
