চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাহিদা আক্তার (২৭) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার নগরের পার্কভিউ হাসপাতালে তার মৃত্যু হয়। আজ দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, নিহত নাহিদা আক্তার সীতাকুন্ড উপজেলার বড় কুমিরা এলাকার বাসিন্দা। গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গুর পাশাপাশি নাহিদার লিভারে (যকৃত) জটিলতা ছিল। এ নিয়ে চট্টগ্রামে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ২৪। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এই ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ১৪৬জন ভর্তি হন। এ নিয়ে পুরো বছরে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩০৮। পরিসংখ্যান বলছে, গত বছর (২০২৪) ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন ৪ হাজার ৩২৩ জন। এ বছর এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা চিকিৎসকদের।
