জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বিভিন্ন জনবহুল এলাকায় ট্রাকযোগে ভ্রাম্যমাণ সংগীত পরিবেশন করেছে গণযোগাযোগ অধিদপ্তর।
দিবসটি ঘিরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর গণযোগাযোগ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন। পরে অধিদপ্তরের নিজস্ব সংগীত দল দুটি উপদলে বিভক্ত হয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় জাগরণমূলক সংগীত পরিবেশন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় সংঘটিত জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর ভাষ্য অনুযায়ী, তরুণদের সক্রিয় অংশগ্রহণ অন্যায়, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে এবং ইতিবাচক পরিবর্তনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণযোগাযোগ অধিদপ্তরের শিল্পীরা যে জাগরণমূলক সংগীত পরিবেশন করছেন, তা মানুষের মধ্যে দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা এবং ইতিবাচক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক হবে। এসব গান নতুন প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
গণযোগাযোগ অধিদপ্তর জানায়, ভ্রাম্যমাণ সংগীত কর্মসূচির মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের বার্তা, তরুণদের সামাজিক ও নাগরিক দায়বদ্ধতা এবং জনসচেতনতার বিষয়গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে।
অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু'মেনসহ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
