জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেছেন, নির্বাচনের জন্য এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। প্রশাসন একটি দলের নির্দেশনা মানছে। শনিবার সকালে খুলনা জেলার খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের নারী ভোটার সমাবেশে বক্তব্য শেষে গণমাধ্যমের কাছে এমন অভিযোগ করেন তিনি। আটরা গিলাতলা ইউনিয়নের আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ মহিলা ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সভাপতি মাওলানা সরোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করে বলেন, প্রধান উপদেষ্টাকে মিসগাইড করা হচ্ছে। তবে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে অন্তবর্তী সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে এমন দাবি করেন তিনি।
তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতিতে আগে গণভোট হওয়া উচিত। জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে ভোটাররা বিভ্রান্তির মধ্যে পড়বে। এ দাবি আদায়ে বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় সমাবেশের আয়োজন করা হবে।
এদিকে সন্ধ্যায় ফুলতলা সদর ইউনিয়নের ঢাকুরিয়া সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় গোলাম পরওয়ার বলেন, তরুণরাই আগামী নির্বাচনে সরকার গঠনে ভূমিকা পালন করবে। প্রায় ১৩ কোটি ভোটারের সাড়ে ৪ কোটি তরুণ ভোটার। তাদের ভোটে নির্বাচিত হবে আগামীর সরকার। সুতরাং তরুণদের পালস্ বুঝে সবাইকে রাজনীতি করতে হবে। এই তরুণরাই ফ্যাসিবাদি সরকারকে হটিয়ে আমাদের নতুন করে মুক্তি এনে দিয়েছে।
তিনি বলেন, আমরা ন্যায় ও ইনসাফের একটা কল্যাণকর রাষ্ট্র গড়তে চাই যেখানে শিশু, কিশোর থেকে শুরু করে তরুণ, বৃদ্ধ, নারী-পুরুষসহ সকল শ্রেণি পেশার মানুষের চাহিদা পূরণ হবে। যেখানে চাঁদার জন্য আর কাউকে জীবন দিতে হবে না, বেকারত্বের অভিশাপ নিয়ে আর কাউকে আত্মহত্যা করতে হবে না। তাই আগামী নির্বাচনে আপনারা দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়তে সাহায্য করুন।
জান্নাতের টিকেট বিক্রি করা নিয়ে বিরোধীদের অপপ্রচারের জবাবে মিয়া পরওয়ার বলেন, জামায়াত কখনো মানুষের কাছে জান্নাতের টিকেট বিক্রি করে না। তবে মহান আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য গাইডলাইন পবিত্র কুরআনুল কারীম পাঠিয়েছেন। বিরোধীরা কুরআন না বোঝার কারণে এই কথা বলে থাকে। এ সময় তিনি বিরোধীদের এ ধরণের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
