ইসলামী বিশ্ববিদ্যালয়

ফিস্ট সাংস্কৃতিক অনুষ্ঠান না থাকায় ছাত্রদলের সভা বর্জন

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৭:০৯ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। তবে দিবস উদযাপনের ব্যানারে শহীদ জিয়াউর রহমানের নাম না থাকা ও হলে ফিস্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন না করায় আলোচনা সভা বর্জন করেছে শাখা ছাত্রদল।

গতকাল শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উদ্যাগে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কেক কাটা, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। পরে উপাচার্যের নেতৃত্বে সব বিভাগ ও হল স্ব স্ব ব্যানারে অংশ নেয় আনন্দ শোভাযাত্রায়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে দুপুর ১২টায় মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হলে তা বর্জন করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে এর প্রতিবাদস্বরূপ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, গত বছরের তুলনায় এবারের আয়োজন ছিল অনেক দুর্বল ও অগোছালো। হলভিত্তিক ফিস্ট আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তাব দেওয়া হলেও প্রশাসন তা গ্রহণ করেনি। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনের পরিবর্তে ইরানি চলচ্চিত্র দেখানো হয়েছে, যা শিক্ষার্থীদের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ও ছবি কোনো অনুষ্ঠানে স্থান না দেওয়ার অভিযোগও করেন তারা। জিয়া হল ও খালেদা জিয়া হল সাজানো হয়নি বলেও দাবি করেন ছাত্রদল নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত