রাজধানীর সেগুনবাগিচা এলাকার ঢাকা কর অঞ্চল-১৪ অফিসে অগ্নিকা- ঘটে। আল-তারিক টাওয়ার নামে ১০ তলাবিশিষ্ট বাণিজ্যিক ভবনের নবমতলায় আগুনের সূত্রপাত হয়। গতকাল শনিবার বিকেল ৩টা ৪ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সোয়া ৩টায় ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপপরিচালক আনোয়ার বিন সাত্তার।
তিনি বলেন, গতকাল সেগুনবাগিচার একটি ১০ তলা ভবনের নবমতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিকেল সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিকেল ৪টা ১২ মিনিটে আগুন পুরাপুরি নেভানো হয়।
সরেজমিনে দেখা যায়, আগুন লাগা ভবনটির নাম আৎ-ত্বারীক টাওয়ার। এ ভবনে কর অঞ্চল-৮ ও ১৪-এর কর কমিশনারের কার্যালয় রয়েছে। ভবনের নবমতলায় আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আর ভবনের নিচে উৎসুক জনতার ভিড়। খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা উৎসুক জনতাকে সরিয়ে দেন।
