কুমিল্লা

পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন আসামি, গ্রেপ্তার ১১

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম

কুমিল্লায় তল্লাশিকালে মাদক, ছুরিসহ এক যুবককে আটকের পর তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত ১২টা পর্যন্ত শহরতলীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- শহরতলীর ধর্মপুর এলাকায় ইমরান হোসেন প্রকাশ ইমু প্রকাশ ইমন (২৮), সিয়াম (১৯), পারভেজ (৩০),  আবুল কাশেম প্রকাশ কাইশ্যা, (৫৫), আব্দুর রহমান (৩৮), মাহফুজ (২৪), চামেলী (২৮),  রুজিনা বেগম (৩০), পাখি বেগম (৩২), সুমি আক্তার (১৮), এবং বলরামপুর এলাকার মো. মাহবুব আলম প্রকাশ মাসুম (৪৫)।

স্থানীয় বাসিন্দারা জানান, ধর্মপুর এলাকার চেকপোস্টে মাদকসহ রবিনকে পুলিশ আটক করলে সেখানে স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। এ সময় রবিনের সহযোগীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। তারা পুলিশের কাছ থেকে রবিনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে রবিন এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যান। হামলায় পুলিশের একটি গাড়ির গ্লাস ভাঙাসহ আরও ক্ষতি হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে কুমিল্লা শহরের ধর্মপুর রেলগেট এলাকায় কোতোয়ালি মডেল থানা–পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় গাঁজা, ছুরিসহ মো. রবিন (৩০) নামের এক যুবককে আটক করে। আটকের পর জানা যায়, তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি ধর্মপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ১০টি মামলা রয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, পুলিশের উপর হামলা এবং পিকআপ ভ্যান ভাঙচুরের ঘটনায় ১১ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার করতে অভিযান চলছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত