খুলনায় বিসিএস পরীক্ষার্থীদের রেললাইন অবরোধ 

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম

খুলনায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করার কারণে দুপুর দেড়টা  থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রেল চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে রাজশাহীগামী সাগরদারী এক্সপ্রেসটি নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেসটি নগরীর দৌলতপুর রেল স্টেশনের কাছে আটকে থাকে।

খোঁজ নিয়ে জানা যায়, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের আহ্বানে রবিবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টা থেকে নগরীর দৌলতপুরস্থ সরকারি বিএল কলেজের সামনের রেল লাইনের ওপর অবরোধ কর্মসূচি পালিত হয়। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলার কারণে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি খুলনা স্টেশন থেকে ছাড়তে পারেনি। বিকাল ৪টা থেকে ট্রেনটি যাত্রী নিয়ে খুলনা রেলস্টেশনে আটকে থাকে। ফলে যাত্রীদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়। ফলে দীর্ঘ সময় আটকে থাকা যাত্রীদেরকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেসটি নগরীর দৌলতপুর রেল স্টেশনের কাছে আটকে পড়ে। এদিকে সন্ধ্যার পর শিক্ষার্থীরা বিসিএসের অ্যাডমিট কার্ড পোড়ানো কর্মসূচি পালন করে।

আন্দোলনকারীরা জানান, অতীতেও বিসিএসের জন্য যৌক্তিক সময় দেওয়া হয়েছে। কিন্তু ৪৭তম বিসিএসের জন্য মাত্র দুইমাস সময় দেওয়া হয়েছে। এজন্য ঢাকাসহ সারাদেশে যে আন্দোলন চলছে তার সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশেষ করে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা এ রেল অবরোধ কর্মসূচি পালন করছে। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে বলেও তারা জানান।

এদিকে সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে খুলনা রেল স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। তবে রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলম খান বলেন, সন্ধ্যা ৭টা পর্যন্ত অবরোধ প্রত্যাহার হয়নি। আপাতত ট্রেন চলছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত