সিরামিক খাতে বিনিয়োগ ১৮ হাজার কোটি টাকা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৩:২৮ এএম

দেশে সিরামিক টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারিওয়্যার উৎপাদনকারী শিল্প-কারখানার সংখ্যা ৭০টি ছাড়িয়েছে। শেষ ১০ বছরে সিরামিক খাতে বিনিয়োগ বেড়েছে প্রায় ১৫০ শতাংশ। বর্তমানে এ খাতের বিনিয়োগের পরিমাণ প্রায় ১৮ হাজার কোটি টাকা বলে জানিয়েছেন খাত-সংশ্লিষ্টরা।

গতকাল রবিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। ‘সিরামিক এক্সপো বাংলাদেশ-২০২৫’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন বিসিএমইএর প্রেসিডেন্ট মইনুল ইসলাম। এতে ২৭ নভেম্বর থেকে কুড়িলের বসুন্ধরা কনভেনশন সেন্টারে (আইসিসিবি) চার দিনব্যাপী সিরামিক পণ্যের মেলার ঘোষণা দেন উদ্যোক্তারা।

সংবাদ সম্মেলনে খাত-সংশ্লিষ্ট শিল্প উদ্যোক্তারা জানান, চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সিরামিক খাত প্রতিনিয়তই বড় হচ্ছে। স্থানীয় বাজারে প্রতিবছর সিরামিকের তৈরি পণ্য বিক্রি হচ্ছে প্রায় ৮ হাজার কোটি টাকার। ফলে এখানে ধারাবাহিকভাবে বিনিয়োগ বাড়ছে। এই শিল্পে বড় উৎপাদনকারী দেশ চীন ও ভারতসহ অনেক দেশ বিনিয়োগে আগ্রহী।

বিসিএমইএর প্রেসিডেন্ট মইনুল ইসলাম বলেন, বিশ্বের প্রায় ৫০টিরও অধিক দেশে সিরামিক পণ্য রপ্তানি করছে বাংলাদেশ। রপ্তানি থেকে বছরে আয় প্রায় ৫০০ কোটি টাকা। রপ্তানি আয় ধারাবাহিকভাবে বাড়ছে। বাড়ছে বিনিয়োগও। এই শিল্পে প্রায় ১৮ হাজার কোটি টাকার অধিক বিনিয়োগ রয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে।

২৭ নভেম্বর শুরু হচ্ছে সিরামিক পণ্যের মেলা : সিরামিক শিল্পের সক্ষমতা তুলে ধরতে শুরু হচ্ছে চার দিনব্যাপী এই সিরামিক এক্সপো-২০২৫। ২৭ নভেম্বর শুরু হয়ে মেলাটি শেষ হবে ৩০ নভেম্বর। ফেয়ার কমিটির চেয়ারম্যান এবং বিসিএমইএর সাধারণ সম্পাদক ইরফান উদ্দীন সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরেন।

এশিয়ার এই আন্তর্জাতিক সিরামিক মেলার আয়োজনে রয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। চতুর্থবারের মতো এ আয়োজনে সিরামিক পণ্যের কাঁচামাল, যন্ত্রপাতি ও প্রযুক্তির প্রদর্শনী থাকবে এ মেলায়। এই প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশের ১৩৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। থাকছে ৩০০টি ব্র্যান্ড। এ ছাড়া মেলায় অংশ নেবেন ৫০০ আন্তর্জাতিক প্রতিনিধি ও ক্রেতা। এক্সপোতে থাকছে তিনটি সেমিনার, জব ফেয়ার, স্পট অর্ডার এবং নতুন পণ্যের মোড়ক উন্মোচনের সুযোগ। চার দিনব্যাপী এ প্রদর্শনী দর্শনার্থী, ক্রেতা-বিক্রেতাসহ সবার জন্য বিনামূল্যে প্রবেশের জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিসিএমইএর সাধারণ সম্পাদক ইরফান উদ্দীন বলেন, সিরামিক এক্সপো দেশের চতুর্থ ও এশিয়ার সর্ববৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী। সিরামিক প্রস্তুতকারক, রপ্তানিকারক এবং সরবরাহকারীরা এই এক্সপোতে তাদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং নিজেদের দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এই এক্সপোর মাধ্যমে দেশীয় সিরামিক পণ্য বাজারজাতকরণের পাশাপাশি তা ব্যবহারেও সচেতনতা বাড়ানোরও সুযোগ রয়েছে। তিনি বলেন, উন্নত, গুণগতমান ও আকর্ষণীয় ডিজাইনের কারণে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি সিরামিক পণ্যের কদর বাড়ছে। শুধু তাই নয়, একই সঙ্গে নতুন নতুন বাজারও সৃষ্টি হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত