ব্রাহ্মণবাড়িয়ার দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
রবিবার বিকালে সরাইলের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরফোজ মিয়া (৫৫) গ্রামের দক্ষিণ পাড়ার ফুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বিকালে জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে গ্রামের ধন মিয়া ও কালা মিয়া পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় কালা মিয়া পক্ষের একজনের বল্লমের আঘাতে ধন মিয়া পক্ষের আরফোজ মিয়া গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা আরও জানান, গ্রামের ওই দুই পক্ষের মধ্যে গত ১৭ নভেম্বর থেকেই উত্তেজনা চলছিল। পরে সালিশে বসে বিষয়টি নিষ্পত্তির সিদ্ধান্ত হয়। কিন্তু এরই মধ্যে বিকালে কালা মিয়া পক্ষ ধন মিয়া পক্ষের ওপর হামলা করে।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, গত কয়েক দিন ধরে সেখানে উত্তেজনা চলছে। এর জের ধরেই আজকের ঘটনাটি হতে পারে।
