চট্টগ্রামে অবৈধ ইটভাটা বন্ধে ১৫ দিন সময়

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ এএম

চট্টগ্রামে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্টদের ১৫ দিনের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করতে বলেছে হাইকোর্ট। এ-সংক্রান্ত আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

তিনি বলেন, চট্টগ্রামে অবৈধ ইটভাটা বন্ধে ২০২০ সালে পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৪ ডিসেম্বর আদালত এক আদেশে সাত দিনের মধ্যে চট্টগ্রামে অবৈধ (পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন) ইটভাটা বন্ধসহ রুল দেয়। হাইকোর্টের এই আদেশের পর অবৈধ কিছু ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। তিনি আরও বলেন, গত বছর হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করলে আদালত গত ৫ জানুয়ারির মধ্যে আদেশ বাস্তবায়ন-সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেয়। তবে, প্রতিবেদন দাখিল না করা এবং চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়ায় আবার অবৈধ ইটভাটার কার্যক্রম শুরু হয়েছে, গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়। এমন পরিস্থিতিতে গত ২০ নভেম্বর একটি সম্পূরক আবেদন করে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে নির্দেশনা চাওয়া হয়। এর ধারাবাহিকতায় বিষয়টি শুনানিতে আসে। অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ১৫ দিনের মধ্যে চট্টগ্রামের সব অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (চট্টগ্রাম), চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার, লোহাগাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আটজনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত