গরুর হাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ শিমুলিয়া গরুর হাটকে দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়ন শিমুলিয়া গরুর হাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আজ বেলা ১২টার দিকে সাপ্তাহিক সেই গরুর হাটে ইজারা নেয়ার জন্য জসিমের লোকজন বসলে মামুন, মানসুরসহ কয়েকজন তাদের সেখান থেকে চলে যেতে বললে উভয়ের লোকজনের সাথে কথা কাটাকাটি হয়।

এর জের ধরে দুপুর ১টার দিকে মামুন ও মানসুরের নেতৃত্বে ২০/৩০ জন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে জসিমের লোকজনের উপর হামলা করে। হামলাকারীরা জসিমের ছোট ভাই মহসিন, সবুজ, রিপনসহ ৭ জনকে কুপিয়ে জখম করে। এ সময় এলাকায় আতংক সৃষ্টি করতে একপক্ষ ৩ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। আহতদের রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, রূপগঞ্জে সদর ইউনিয়নের পূর্বাচল ৪ নম্বর সেক্টরে অবৈধভাবে বসা শিমুলিয়া গরুর হাটের দখল নিয়ে গত ১ সপ্তাহ ধরে নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাবেক সহ সাধারণ-সম্পাদক জসিম মিয়া ও তার লোকজনের সাথে স্থানীয় বিএনপি নেতা মামুন ও ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়ার সাথে বিরোধী চলে আসছে।

এ ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত