যশোরে সরকারি সার আত্মসাৎ: ২২ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০১:১০ পিএম

যশোরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বিপুল পরিমাণ সার আত্মসাতের ঘটনায় অভিযান চালিয়ে ২২ লাখ ২৪ হাজার টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে তাদের আটক পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটকরা হলেন, চাঁদপুরের বরুলিয়া গ্রামের সুমন মজুমদার, চট্টগ্রামের টাইগারপাস বটতলা এলাকার বাবুল দাস ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মাসুম বিল্লাহ। তারা সবাই বিএডিসির ডিলার আকিজ রিসোর্স লিমিটেডে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, ডিবির এসআই বাবলা দাস ও এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি দল মেসার্স বঙ্গ ট্রেডার্সের অফিস থেকে তিনজনকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা সার চুরির কথা স্বীকার করেন। পরে আসামি বাবুল দাসের অফিসের ডেস্কের ড্রয়ার থেকে নগদ ২২ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করে।

সার আত্মসাতের ঘটনায় প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (স্টোর অ্যান্ড ইনভেন্টরি) ইমরুল কায়েস বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, বিএডিসি থেকে গত ৯ থেকে ১০ নভেম্বরের মধ্যে ৭টি চালানে ৭টি ট্রাকে ৪ হাজার ৮৪০ বস্তা সার আসে। যার মূল্য ২ কোটি ৫২ লাখ ৮৯ হাজার টাকা। ওই সার রংপুর, রাজশাহী, নওগাঁ, ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন গুদামে পাঠানোর কথা ছিল। কিন্তু ১২ নভেম্বর নির্ধারিত দিনে সারগুলো গন্তব্যে পৌঁছায়নি। এরপর ১৬ ও ১৭ নভেম্বর আসামি বাবুল দাস ও পবিত্র কুমার কুন্ডু ই-মেইলে আকিজ রিসোর্স লিমিটেডকে জানান যে ট্রাকচালকরা সার চুরি করে পালিয়েছে। সন্দেহ হওয়ায় তাদের অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তারা একেক সময় একেক ধরনের তথ্য দিতে থাকেন। বিষয়টি পরবর্তীতে জেলা পুলিশ সুপারকে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত