৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে শিক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে রওনা দেওয়া মিছিলটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আটকে দেওয়া হয়। পরে সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা।
এ সময় পরীক্ষার্থীরা বলেন, গত বিসিএসে অংশ নেওয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে ১ বছর সময় পেলেও, তাদের সময় দেওয়া হয়েছে ২ মাসেরও কিছু কম। এ সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে তারা পরীক্ষার তারিখ পেছানোর দাবি জানান।
তারা বলেন, দাবি আদায় না হলে রাজপথেই থাকবেন আন্দোলনকারীরা। ২৭ নভেম্বরের আগেই বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) তাদের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেবে এ আশা তাদের। এ সময় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন তারা। তারা আরও বলেন, আন্দোলন করে স্বৈরাচারকে তাড়িয়ে দিলেও, নতুন করে স্বৈরাচারী আচরণ করছে পিএসসি চেয়ারম্যান।
