রাজধানীর নিউ ইস্কাটন রোডে বিদ্যুতের খুটিতে ইন্টারনেট লাইন সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত আনোয়ারের সহকর্মী মো. নাঈম জানান, তারা একটি ইন্টারনেট কোম্পানিতে চাকরি করেন। ঘটনার সময় আনোয়ার নিউস্কাটন রোডে বিদ্যুতের খুটিতে মই লাগিয়ে ইন্টারনেটে লাইন সংযোগ দিচ্ছিলেন। এসময় হঠাৎ বিদ্যুতের লাইনের সাথে সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান তিনি।
মৃত আনোয়ারের ছেলে মো. শুভ জানান, তাদের বাড়ি বরিশালের কোতোয়ালীর দক্ষিণ গড়াপুর গ্রামে। বর্তমানে মোহাম্মদপুর এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
