মতলব উত্তরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মতলব উত্তরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বাগানবাড়ি ইউনিয়নের খন্দকার কান্দি মাদ্রাসা মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রীর পুত্র তানভীর হুদার নির্দেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন—মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহশ্রমবিষয়ক সম্পাদক তাইজুল ইসলাম মিয়াজি এবং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার। সভার সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকু।

এসময় বক্তারা বলেন, দেশের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সবাই একত্রিত হয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা আমাদের সকলের কামনা। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রীই নন, দেশের একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক। তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা আমাদের দায়িত্ব।

বক্তারা আরও বলেন, সারা দেশের মানুষ এবং দলের নেতাকর্মীরা তাঁর সুস্থতার জন্য দোয়া করছেন। আমরা তাঁর দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করি। খালেদা জিয়ার সুস্থতা দেশের জন্যও আশীর্বাদস্বরূপ।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন খন্দকার কান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা ফয়েজ উল্লাহ। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, গত রোববার (২৩ নভেম্বর) রাতে বেগম খালেদা জিয়া বুকে সংক্রমণসহ হার্ট ও ফুসফুসের সমস্যার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী জানান, তাঁর বুকে সংক্রমণ রয়েছে এবং হার্ট ও ফুসফুসও আক্রান্ত। কতদিন হাসপাতালে থাকতে হবে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত