টি-টোয়েন্টিতে ৩০০০ রান ও ১০০ উইকেট নিয়ে নিজেকে চেনালেন বীরানদীপ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম

মালয়েশিয়ার ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়ে দিলেন বীরানদীপ সিং। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ৩ হাজার রানের সঙ্গে ১০০ উইকেটের ডাবল পূর্ণ করলেন এই অলরাউন্ডার। কুয়ালালামপুরের বায়ুয়েমাস ওভালে আজ বাহরাইনের বিপক্ষে মিনি এসইএ গেমস টি–টোয়েন্টি ম্যাচে এসেছে এই অর্জন।

মাঠে নামার সময় বীরানদীপের উইকেটসংখ্যা ছিল ৯৯। বাঁহাতি স্পিনে তিনি তুলে নেন ৩ উইকেট, খরচ করেন মাত্র ১১ রান। তাঁর দারুণ বোলিংয়ে বাহরাইন থামে ১০৭ রানে। রান তাড়ায় মালয়েশিয়া জিতেছে ১ বল ও ৪ উইকেট হাতে রেখে; সেখানেও অবদান রেখেছেন অলরাউন্ডার—২৩ রান করে সর্বোচ্চ সংগ্রহ তাঁরই।

এতে করে বীরানদীপের আন্তর্জাতিক টি–টোয়েন্টির উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ১০২-তে আর রান এখন ৩১০৬, ম্যাচ ১০৬টি। ২৬ বছর বয়সী কুয়ালালামপুরের এই ক্রিকেটার এখন টি–টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেট নেওয়া তালিকায় ২৯তম এবং দ্রুততম ৩ হাজার রানকারীদের মধ্যে পঞ্চম।

তবে বীরানদীপের এই রেকর্ড বেশিদিন একার হতে নাও পারে। খুব কাছেই আছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা—আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তাঁর রান ২৮৪৬ এবং উইকেট ১০২টি। মাত্র ১৫৪ রান করলেই বীরানদীপের পাশে এসে বসবেন তিনি। ২০ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে শততম উইকেটটি পেয়েছেন রাজা।

টি–টোয়েন্টিতে ২ হাজার রান ও ১০০ উইকেটের ক্লাবে আছেন আরও দুটি পরিচিত নাম—সাকিব আল হাসান ও মোহাম্মদ নবী।
সাকিবের টি–টোয়েন্টি ক্যারিয়ার শেষ হয়েছে ২০২৪ বিশ্বকাপেই। তাঁর রান ২৫৫১, উইকেট ১৪৯।
অন্যদিকে ৪০ বছর বয়সী নবীর ঝুলিতে আছে ২৪১৭ রান ও ১০৪ উইকেট।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত