কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিলেন জামায়াত আমীর

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৩:১১ পিএম

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তিনি আগুনে ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার বিষয়ে অবগত হন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানায়, আমীরের এই সফরে তাঁর সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর মেডিকেল থানা সভাপতি ও ঢাকা-১৭ আসনের মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান, ব্যক্তিগত সহকারী নজরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে ডা. শফিকুর রহমান জানান, আকস্মিক অগ্নিকাণ্ডে বহু দরিদ্র পরিবারের বসতঘর, জীবিকা ও সামান্য সঞ্চয় পুড়ে গেছে।

তিনি এটিকে অত্যন্ত মর্মান্তিক পরিস্থিতি হিসেবে উল্লেখ করে বলেন, প্রাণহানি না হলেও মাথা গোঁজার ঠাঁই হারানো মানুষগুলোর দুর্দশা গভীর উদ্বেগের কারণ।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের মধ্যে তাৎক্ষণিক উপহার হিসেবে দুইটি করে কম্বল ও কিছু খাদ্যসামগ্রী প্রদান করেন। মানবিক দায়িত্ববোধ থেকে দুর্গতদের পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দুর্যোগ পরিস্থিতিতে রাষ্ট্রের দায়িত্ব হলো দ্রুত আশ্রয়, খাদ্য, পানি, চিকিৎসা ও কাপড়সহ নিত্যপ্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা। 

পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন পরিকল্পনাও জরুরি। তিনি আশা প্রকাশ করেন—সরকারি প্রতিষ্ঠান, এনজিও ও সমাজের বিত্তবানরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে।

এ ধরনের জনবহুল এলাকায় বারবার অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের নাশকতা বা পরিকল্পিত তৎপরতা আছে কি না, তা অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত