বেলকুচিতে ১ হাজার টাকার জন্য প্রাণ গেল কিশোরের

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম

সিরাজগঞ্জের বেলকুচিতে পাওনা এক হাজার টাকার জন্য শুভ (১৮) নামের এক কিশোরকে হত্যা করার অভিযোগ উঠেছে তার প্রতিবেশী শাহীন ও হাচানের বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির।

নিহত শুভ কোনাবাড়ি গ্রামের সাইফুল মোল্লার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কোনাবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাহীন শুভর কাছে এক হাজার টাকা পাওনা ছিল। 

এই টাকার কারণে গত মঙ্গলবার সকালে শাহীন ও তার বন্ধু হাচান মিলে শুভকে তামাই গ্রাম থেকে তাঁতের কাজ করা অবস্থায় ডেকে নিয়ে গিয়ে তামাই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এলে এলোপাথাড়ি বাঁশ দিয়ে মাথায় আঘাত করে।

এতে শুভ ঘটনাস্থলেই গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা এগিয়ে আসলে শাহীন ও হাচান শুভকে ঘটনাস্থলে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠায়, কিন্তু শুভর অবস্থার অবনতি হয়।

নিহতের পরিবার আরও জানান, শুভ মাথায় আঘাত নিয়ে বাসায় ফিরে গেলে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

ডাক্তার তার অবস্থার অবনতি বুঝতে পেরে উন্নত চিকিৎসার জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানে অবস্থার আরও অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মৃত্যু হয় শুভর।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) হুমায়ন কবির জানান, “আমরা ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেহেতু শুভ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, তাই লাশ এখন বাড়িতে পৌঁছায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ওই এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রেখেছি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত