কানাডার ভুয়া ভিসা 

৩৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নিঃস্ব যশোরের ২ পরিবার

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০১:২১ পিএম

যশোরের ঝিকরগাছার দুই যুবককে লোভনীয় বেতনে চাকরির প্রলোভর দেখিয়ে কানাডার ভুয়া ভিসা দিয়ে ৩৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে দালার চক্র। এ ঘটনায় কালিয়ানী গ্রামের আলসাবা রাতুল ও শাকিল হোসেনের পরিবার এখন প্রায় নিঃস্ব।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাদের অভিযোগ, দালাল নাসির উদ্দিন আলতাফ ও তার স্ত্রী শাহানাজ বেগম বিদেশে পাঠানোর নাম করে তাদের কাছ থেকে ব্যাংক ও নগদে ৩৮ লাখ টাকা নিয়েছেন। ২০২৪ সালের মার্চে দালাল নাসির প্রথমে তাদের নেপালে নিয়ে যান। সেখানে বানানো ‘অ্যাম্বাসি অফিসে’ ইন্টারভিউসহ কাগজপত্র জমা দেন। দ্বিতীয়বার নেপালে নিয়ে গিয়ে দুই মাস হোটেলে আটকে রেখে বাড়িতে ফোন করিয়ে অতিরিক্ত টাকা আদায় করেন নাসির। পরে পাসপোর্ট হাতে দিলেও দেশে ফিরে অনলাইনে যাচাই করে জানা যায় ভিসাটি ভুয়া। এদিকে টাকা নেওয়ার পরপরই নাসির কুয়েতে পালিয়ে যায়।

ভুক্তভোগী রাতুলের বাবা আবু সায়েম বলেন, ছেলেকে কানাডায় পাঠানোর আশায় জমিবন্ধক ও সুদে ১৯ লাখ টাকা নিয়ে ছিলাম। সেই সুদের টাকা দিতে দিতে আজ আমি পথে ফকির হয়ে গেছি।
 
অপর ভুক্তভোগী শাকিলের বাবা হাবিবুর রহমান বলেন, দালাল নাসির তার আপন ফুফাতো ভাই। ‘আমার ছেলে নেই, তোমার ছেলে মানেই আমার ছেলে’ এমন কথায় বিশ্বাস করে দোকান, গরু-ছাগল, জমি সব বিক্রি করে সাত দফায় ১৯ লাখ টাকা দেন তিনি। নাসির আমাকে পথে বসিয়েছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।

তবে অভিযুক্ত নাসির উদ্দিন আলতাফ বলেন, ভিসা ভুয়া নয়। ভুক্তভোগীরা ‘গ্রামের মূর্খ মানুষ’ তাই বুঝতে পারেন না। তবে তিনি কত টাকা নিয়েছেন তা স্পষ্ট করেনি। 

এবিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।    

×
সর্বশেষ সর্বাধিক পঠিত