কুমিল্লার মুরাদনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। সাউন্ড সিস্টেম ছাড়াই নৃত্য প্রতিযোগিতা আয়োজন করায় শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে, এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।
বৃহস্পতিবার (২১ মে) উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই প্রতিযোগিতায় এ ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই প্রতিযোগিতার সাংস্কৃতিক আইটেমের নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে কোনো ধরনের সাউন্ড সিস্টেম ছাড়াই নৃত্য পরিবেশন করতে বাধ্য করা হয় প্রতিযোগীদের। ফলে শিক্ষার্থীদের নৃত্যের সময় তাদের কানের কাছে মোবাইল ফোনে গান বাজিয়ে ধরে রাখতে হয়েছে অভিভাবকদের। এতে সঠিকভাবে নৃত্য পরিবেশন করতে পারেনি বলে অভিযোগ করেন প্রতিযোগীরা।
নৃত্য প্রতিযোগিতায় অংশ নেওয়া এক শিক্ষার্থী জানায়, সাউন্ডের সমস্যার কারণে সে গান ঠিকভাবে শুনতে পারেনি, ফলে তাল ধরতে না পেরে ভালোভাবে নাচ উপস্থাপন করতে পারেনি।
এ ঘটনায় উপস্থিত অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় এমন অব্যবস্থাপনা কাম্য নয়। তারা এ ধরনের আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি ও দায়িত্বশীলতার অভাব নিয়েও প্রশ্ন তোলেন।
অব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক ও বিচারকদের কাছে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল হোসেন বলেন, এ ধরনের অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো নৃত্য প্রতিযোগিতা। সাউন্ড সিস্টেম না রাখাটা ঠিক হয়নি।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, ফোন কানের কাছে দিয়ে নৃত্য প্রতিযোগিতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি কোনো কারণে বিদ্যালয়ের কক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়, তাহলে সেখানে সাউন্ড সিস্টেম নিশ্চিত করতে হবে। বিষয়টি আমি খতিয়ে দেখছি।
ইরানে টিভি চ্যানেলে সরাসরি অ*স্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে