চীন-জাপান সম্পর্কের সাম্প্রতিক টানাপড়েনের মাঝেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে ফোনালাপে সংযত থাকার আহ্বান জানিয়েছেন।
আলোচনায় অংশ নেওয়া দুই জাপানি কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
জাপানের পার্লামেন্টে তাকাইচির সাম্প্রতিক বক্তব্য— চীন তাইওয়ানে সামরিক অভিযান চালালে টোকিও পাল্টা প্রতিক্রিয়া জানাতে পারে। বেইজিংয়ের তীব্র ক্ষোভের জন্ম দেয়। এর জেরে দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়ে।
জাপানি কর্মকর্তারা জানান, ট্রাম্প ফোনালাপে কোনও নির্দিষ্ট শর্ত আরোপ না করলেও উত্তেজনা না বাড়ানোর অনুরোধ করেছেন। তবে মন্তব্য প্রত্যাহারের বিষয়ে তিনি কোনও চাপ তৈরি করেননি। টোকিওও জানিয়েছে, তাকাইচির বক্তব্য ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা তাদের নেই।
এ প্রসঙ্গে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন জাপান সরকারের মুখপাত্র মিনোরু কিহারা।
