বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘এই বাংলাদেশ আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণই ঠিক করবে বাংলাদেশ কার। দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে আগামী নির্বাচনে।”
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি আরও বলেন, স্বাধীনতার পর দেশ তিনটি দল শাসন করেছে—একটি দেশ ছেড়ে পালিয়ে গেছে, আরেকটি নয় বছর ভোট ছাড়াই ক্ষমতায় থেকেছে, আর তৃতীয় দল পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।
দেশের দুর্নীতি, দুঃশাসন, দলীয় সংঘর্ষ ও চাঁদাবাজির কারণে নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে দাবি করে তিনি বলেন, “যাদের হাতে নিজেদের কর্মীরা নিরাপদ নয়, তাদের হাতে দেশও নিরাপদ নয়।”
জুলাইয়ের গণঅভ্যুত্থানকে জনগণের আন্দোলন উল্লেখ করে তিনি বলেন, “এ আন্দোলনে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে।”
জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “নারীরা সর্বোচ্চ মর্যাদা পাবে—সুশৃঙ্খল পরিবেশে দেশের যে কোনো স্থানে কাজ করতে পারবে।”
তিনি দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে গিয়ে সমর্থন আদায়ের আহ্বান জানান।
সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া–৭ আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী।
তিনি বলেন, “আমি নির্বাচিত হলে বেকার যুবক ও নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করব এবং চাঁদাবাজমুক্ত এলাকা গড়ে তুলব।”
উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, • নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুছ আলী, শাজাহানপুর উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, গাবতলী উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, গাবতলী উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ, শাজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল ও তারেকুল ইসলাম তারেক।
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
