শরীয়তপুর–১ (পালং–জাজিরা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী সাইদ আহমেদ আসলামের মনোনয়ন বাতিল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক তিনবারের এমপি ও শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র সরদার একেএম নাসির উদ্দিন কালুকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জাজিরা উপজেলার কাজিরহাট বাসস্ট্যান্ড এলাকায় শরীয়তপুর–ঢাকা মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে প্রায় এক ঘণ্টা ধরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এর আগে মিরাশা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভের কারণে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
এ সময় জাজিরা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
ক্ষোভ প্রকাশ করে নেতাকর্মীরা বলেন, “ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে সরদার একেএম নাসির উদ্দিন কালুকেই মনোনয়ন দিতে হবে। তিনি ছাড়া অন্য কারও পক্ষে আমরা মাঠে কাজ করবো না। ভাড়াটিয়া প্রার্থী চাই না—আমরা সরদার একেএম নাসির উদ্দিনকেই চাই। তিনি চূড়ান্ত মনোনয়ন না পেলে তীব্র আন্দোলন গড়ে তুলবো। প্রয়োজনে শরীয়তপুর–ঢাকা সড়ক ব্লক করে দেব।”
