ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমিকার বড় ভাইয়ের হাতে প্রেমিক নিহত

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রেমিকার বড় ভাইয়ের হাতে মুক্তার মিয়া (২২) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বিকেলে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহত মুক্তার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

জানা গেছে, প্রায় এক বছর আগে চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের রাব্বান মিয়ার মেয়ে শেউলা আক্তারের সঙ্গে কাঠালকান্দি গ্রামের কুটবী পাড়ার মুক্তার মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

তাদের সম্পর্ক দুই পরিবারে জানাজানি হয়। ছেলের পরিবার মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়, কিন্তু মেয়ের পরিবার তা মেনে নিতে রাজি হয়নি। পরে এ নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ ঘটে। 

এতে মেয়ের পরিবারের লোকজন আহত হন, যা নিয়ে আদালতে মামলা হয়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি মীমাংসা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে নিহত মুক্তার মিয়া অটোরিকশা নিয়ে চাতলপাড় বাজার থেকে কচুয়া গ্রামের দিকে যাওয়ার সময় তার অটো রাস্তার মধ্যে আটক করা হয়। 

এরপর মেয়ের বড় ভাই শাহালমের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি সন্ত্রাসী দল ধারালো ছুরি দিয়ে মুক্তারের হাত-পা ও পেটে আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আক্তার হোসেন বলেন, "আমার ছোট ভাই শেউলা আক্তার নামের একটি মেয়েকে পছন্দ করত। আমরা মেয়ের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম, কিন্তু তারা মেনে নেনি। একাধিকবার আমার ভাইকে মেয়ের বড় ভাই মারধর করেছে। 

আজ দুপুরে আমার ভাই প্রেমিকা শেউলা আক্তারকে সঙ্গে নিয়ে অটোরিকশায় কচুয়া গেলে, সেখানে আগে থেকেই ওত পেতে থাকা মেয়ের বড় ভাই আলমগীরের নির্দেশে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে। আমরা সঠিক বিচার চাই।"

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহাম্মদ বলেন, "ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।"

×
সর্বশেষ সর্বাধিক পঠিত