‘নিজেকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে’

‘কিংস কলেজ’ প্রথম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১২:০৫ এএম

‘কিংস কলেজ’, উত্তরা-ঢাকা শাখার ২০২৫-২৬ ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য একটি দিকনির্দেশনামূলক ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছিল প্রতিষ্ঠানটি।  দিনব্যাপী এ ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের বিভিন্ন ডিপার্টমেন্ট, একাডেমিক কার্যক্রম, তথ্য ও নিয়মনীতি সম্পর্কে জানানো হয়। গত ২৩ নভেম্বর কিংস কলেজ, উত্তরা-ঢাকা শাখার ক্যাম্পাসে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক, রশিদ গ্রুপ এবং বাংলাদেশ ক্লাবের সভাপতি এম কফিল উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন ‘ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল’-এর অধ্যক্ষ নিশাত পারভীন হক, ‘কিংস কলেজ’-এর অধ্যক্ষ মো. খায়রুল ইসলামসহ অন্যান্য অতিথি, অভিভাবক ও শিক্ষকরা।

নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার দিকনির্দেশনামূলক বক্তব্যে অধ্যক্ষ নিশাত পারভীন হক বলেন, ‘তোমরা নতুন একটি যাত্রা শুরু করতে যাচ্ছ। এ যাত্রা জীবনের উন্নয়নের যাত্রা। তোমরা যে আশা, যে স্বপ্ন নিয়ে এখানে এসেছ সেটাকে ধারণ করে এগিয়ে যেতে হবে। মনে রাখবে, স্বপ্ন দেখার কাজ তোমাদের, বাস্তবায়িত করার দায়িত্ব আমাদের। কাজেই এ স্বপ্নকে বাস্তবায়িত করতে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ও পড়াশোনার প্রতি ভালোভাবে মনোযোগ দিতে হবে। এখনই তোমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। এখনই জ্ঞান আহরণের সময়। তোমাদের সফলতাই আমাদের সফলতা। একটা ভালো রেজাল্ট মানেই তোমাদের জীবনকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়া।’

অনুষ্ঠানে অধ্যক্ষ মো. খায়রুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ করে বলেন, ‘শুধু পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করলেই হবে না, আমাদের অবশ্যই মানুষের মতো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে এবং জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে একাডেমির বইয়ের পাশাপাশি লাইব্রেরিতেও সময় দিতে হবে। এতে অন্যান্য জ্ঞানার্জন করতে সক্ষম হবে।’

দিনব্যাপী এ আনন্দঘন প্রোগ্রাম শেষে শিক্ষার্থীদের জন্য ছিল সাংস্কৃতিক পরিবেশনা। নবীন শিক্ষার্থীরা নতুন পরিবেশে শিক্ষাজীবনের এই পর্বকে উপলক্ষ করে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে।

অতিথিরা সুন্দর একটি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রতিষ্ঠানের মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ‘এ ওরিয়েন্টেশন প্রোগ্রামটি শিক্ষার্থীদের আদর্শ জ্ঞানসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং পড়াশোনার প্রতি আরও আকৃষ্ট, আরও মনোযোগী করে গড়ে তুলতে সহযোগিতা করবে’ অভিমত প্রকাশ করেন।

 ক্লাসরুমের বাইরে ডেস্ক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত