বাউল সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে সরকার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্দিষ্ট আলোচ্যসূচির বাইরে বিবিধ আলোচনায় সমসাময়িক বিষয়, বিশেষ করে বাউল ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, সেটি এবং আসন্ন নির্বাচন ও উপদেষ্টাদের মধ্যে যারা নির্বাচন করতে চান, তারা চলে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন কি না বা এ ধরনের কোনো আলোচনা হয়েছে কি না।
জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, নির্বাচন বা বাউল বিষয়ে কোনো আলাপ হয়নি। তবে তিনি যেটা জানেন, সেটা হচ্ছে, যারা বাউলদের ওপর হামলা করেছেন, তাদের খুব দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য যে জায়গায় হামলা হয়েছে, সেসব জায়গায় পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। সাংবাদিকরা দ্রুত ফল জানতে পারবেন।
রোহিঙ্গা সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা আশা করেছিলেন যে রোহিঙ্গারা ঈদের আগে হয়তো বাড়ি ফিরতে পারবে। কিন্তু কূটনৈতিক প্রক্রিয়ার জন্য সময় প্রয়োজন।’
‘প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং আমরা আত্মবিশ্বাসী যে ইতিবাচক ফল আসবে,’ বলেন তিনি।
পালাগানের আসরে ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে আটক করে পুলিশ। তার মুক্তি দাবিতে ২৩ নভেম্বর মানিকগঞ্জে মানববন্ধনের জন্য সমবেত হওয়া বাউলদের ওপর হামলা করে ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতা’ ব্যানারে থাকা একদল ব্যক্তি।
আবুল সরকারকে গ্রেপ্তার ও বাউলদের ওপর হামলার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নানা প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্যে বুধবার ঠাকুরগাঁওয়ে মানববন্ধনের প্রস্তুতি নেওয়ার সময় বাউলদের ওপর আবারও ‘তৌহিদী জনতা’র ব্যানারে হামলা চালানো হয়েছে।
