শাহজাদপুরে নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের নারী সদস্য পেয়ারা খাতুনকে (৪০) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আব্দুল আলীমের বিরুদ্ধে। পেয়ারা খাতুন ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নারী সদস্য ছিলেন।

শুক্রবার সকালে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ রতনকান্দি গ্রামে স্বামীর বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত পেয়ারা খাতুন উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি গ্রামের হানিফ সরকারের কন্যা। তিনি হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রতনকান্দি গ্রামের আব্দুল আলীমের দ্বিতীয় স্ত্রী।

পেয়ারা খাতুন এক ছেলে ও একমেয়ে রেখে গত দেড় বছর আগে আব্দুল আলীমের প্রেমে পরে আলীমকে বিয়ে করে।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য পেয়ারা খাতুন ১ বছর আগে প্রথম স্বামীকে তালাক দিয়ে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীমকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল। বৃহস্পতিবার গভীর রাতে কোন একসময় পেয়ারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী আব্দুল আলীম ও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে যায়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনা জানাজানির হওয়ার পর উৎসুক জনতা ভীড় করেছে আব্দুল আলীমের বাড়িতে। পেয়ারা খাতুনের বাবার বাড়ি ও আব্দুল আলীমের বাড়ী একই গ্রাম রতনকান্দি বলে জানা গেছে। পেয়ারা খাতুনের আগের পক্ষের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এদিকে পেয়ারা খাতুনের বাবা হানিফ সরকার, চাচা রইমউদ্দিন সরকার জানান, গত একবছর আগে আব্দুল আলীম প্রথম স্ত্রী থাকার পরেও আলীম আত্মহত্যার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করে পেয়ারা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর চাপ সৃষ্টি করে পেয়ারার কাছে থেকে ১৭ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর থেকে পেয়ারাকে আলীম ও তার পরিবার নানাভাবে নির্যাতন করতে থাকে।

এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করেছে। স্বামীর হাতেই পেয়ারাকে জীবন দিতে হলো। এদিকে আব্দুল আলীম ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত