সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া চরপাড়া গ্রামের একটি ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের(১২)গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(১১এপ্রিল) বেলা ৩টার দিকে শাহজাদপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এলাকাবাসী জানায়, শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া চরপাড়া গ্রামের এক কৃষক এদিন দুপুরে তার জমি থেকে নেপিয়ার ঘাস কাটতে যায়। ওই জমির মাঝখানে অজ্ঞাত এ কিশোরের লাশ দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শাহজাদপুর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি টিম। তারা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার কাজ করেন। কিশোরের পরনে পাঞ্জাবি ও পাজামা পড়া আছে। সে মাদ্রাসা ছাত্র, তাকে ধরে এনে বলাৎকারের পর গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এদিকে হত্যাকান্ডের শিকার কিশোরের পরিচয় শনাক্তে এবং হত্যার কারণ উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি বলেন, কিশোরের পোশাক দেখে তাকে মাদ্রাসা ছাত্র হতে পারে বলেও মনে হচ্ছে।
