জামায়াতকে ভোট দিলে পাবেন আমার লাশ: ফজলুর রহমান

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, জামায়াতকে ভোট দিবেন না। তাদেরকে যদি ভোট দেন, তাহলে আমার লাশ পাবেন।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে ফজলুর রহমান বলেন, আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি। এই টাইটেলটা হলো, আমি হইলাম ‘ফজা পাগলা’। যে হারামজাদারা আমাকে এই টাইটেলটা দিয়েছে, তাদের নাম হলো স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত। তাদেরকে যদি ভোট দেন, তাহলে আমার লাশ পাবেন। তাদেরকে ভোট দেবেন আপনারা? দিবেন?

তিনি আরও বলেন, কালকেও আমাকে ১০০ বকা দেওয়া হয়েছে। কী বকা দেয়, বুঝবেন না আপনারা। কী বকা দেয়, সহ্য করা যায় না। আমার অপরাধ কী? আমিতো জামায়াতে ইসলাম, মুক্তিযুদ্ধবিরোধীদেরকে বকি নাই। তারা যখন ৫ আগস্টের পর বলতে শুরু করলো, ৪৭ সনে মুক্তিযুদ্ধ হয়েছিল আর ২৪ সনে শেষ মুক্তিযুদ্ধ হইছে। একাত্তর সনে একটা গন্ডগোল হইছিল। এই গন্ডগোলটা ইন্ডিয়া লাগাইয়া দিছিলো, একাত্তর সনে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই।

তিনি বলেন, আমার নাম ফজলুর রহমান। আমি সাধারণ মানুষের ছেলে। কিন্তু যারা যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন করেছে আমি তাদের মধ্যে অন্যতম। কাজেই যখন দেখলাম কেউ কথা বলে না। আমার দল যখন চুপ করে থাকে, তখন জীবন-মৃত্যুর রিক্স নিয়ে বাম হাতের আঙুলটা তুলে আমি বললাম, এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছি রে। মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযুদ্ধ থাকবে। তোমরা যদি মুক্তিযুদ্ধকে শেষ করে দিতে চাও তোমাদের সঙ্গে আরেকটা রাজনৈতিক যুদ্ধ আমাদের হবে।

অনুষ্ঠানে ফজলুর রহমানের সহধর্মিণী জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুর উপস্থিত ছিলেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত