করোনার চেয়ে ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু মহামারী

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১২:৫৬ এএম

বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, বন্যপাখি, খামারের পোলট্রি ও স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়া বার্ড ফ্লু ভাইরাস যদি মানুষের মধ্যে সংক্রমণ ছড়ানোর মতো অভিযোজিত হয়; তাহলে এটি কভিড মহামারীর চেয়েও ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে। ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের শ্বাসতন্ত্র-সংক্রান্ত সংক্রমণ কেন্দ্রের প্রধান এমনটাই সতর্ক করেছেন। গতকাল শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। পাস্তুর ইনস্টিটিউটের মেডিকেল ডিরেক্টর মেরি-অ্যান রামেক্স-ভেলতি বলেন, আমাদের আশঙ্কা হলোÑ ভাইরাসটি মানুষের দেহে অভিযোজিত হয়ে মানুষে-মানুষে সংক্রমণ সক্ষমতা অর্জন করতে পারে। এমনটা হলে সেটি মহামারী সৃষ্টিকারী ভাইরাসে পরিণত হবে। তিনি বলেন, একটি বার্ড ফ্লু মহামারী সম্ভবত বেশ গুরুতর হবে; এমনকি কভিড মহামারীর চেয়েও বেশি।

উচ্চমাত্রায় সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর কারণে গত কয়েক বছরে কোটি কোটি পাখি নিধন করা হয়েছে। রামেক্স-ভেলতি বলেন, মানুষের শরীরে এইচ১ ও এইচ৩ ফ্লুর বিরুদ্ধে অ্যান্টিবডি থাকলেও বর্তমানে ছড়াচ্ছে যে এইচ৫ টাইপ বার্ড ফ্লু, তার বিরুদ্ধে কোনো প্রতিরোধ ক্ষমতা নেইÑ যেমনটি কভিড-১৯-এর ক্ষেত্রেও ছিল না। তিনি আরও বলেন, কভিড-১৯ মূলত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর বেশি প্রভাব ফেলেছিল, কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সুস্থ ও শিশুদের প্রাণঘাতীভাবে আক্রান্ত করতে পারে।

অতীতে মানুষের মধ্যে এইচ৫ টাইপ বার্ড ফ্লু সংক্রমণ হয়েছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে প্রথমবারের মতো এইচ৫এন৫ আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। ডব্লিউএইচও বলছে, ২০০৩-২০২৫ সাল পর্যন্ত বিশ্ব জুড়ে প্রায় এক হাজার মানব সংক্রমণ শনাক্ত হয়েছেÑ মূলত মিসর, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে। এর মধ্যে ৪৮ শতাংশ রোগীর মৃত্যু হয়েছে। তবে রয়টার্সকে প্রাণী স্বাস্থ্যবিষয়ক বিশ্ব সংস্থার বিজ্ঞান বিভাগের প্রধান গ্রেগরিও টরেস বলেন, মানুষের মধ্যে মহামারী শুরুর ঝুঁকি এখনো কম। তিনি বলেন, আমাদের প্রস্তুত থাকতে হবে। কিন্তু আপাতত আপনারা নিশ্চিন্তে বনভূমিতে হাঁটতে পারেন, মুরগি-ডিম খেতে পারেন, জীবন উপভোগ করতে পারেন। মহামারীর ঝুঁকি একটি সম্ভাবনা বটেÑ কিন্তু এর সম্ভাব্যতা এখনো খুবই কম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত