মাদারীপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় শিশু নিহত, গাড়িতে আগুন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১২:০১ পিএম

মাদারীপুরে গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বেপরোয়া গতিতে চলা একটি প্রাইভেটকারের ধাক্কায় এক শিশু নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলেই সুরাইয়া কাজী (১০) মারা যান। তিনি সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ এলাকার দেলোয়ার কাজীর মেয়ে। আহত শিশু মিম কাজী (১২) বর্তমানে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় দুটি স্কুলপড়ুয়া শিশুকে প্রাইভেটকারটি চাপা দেয়। এতে সুরাইয়া ঘটনাস্থলেই মারা যান, আর মিম গুরুতর আহত হন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে প্রাইভেটকারটিতে আগুন ধরিয়ে দেয়। গাড়িতে থাকা এক যাত্রীকে আটক করা হয় এবং গণপিটুনির হাত থেকে রক্ষা করে পুলিশে সোপর্দ করা হয়। তবে গাড়িতে থাকা আরও তিনজন দুর্ঘটনার পরপরই পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

আহত মিম কাজী সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ এলাকার মামুন কাজীর মেয়ে। স্থানীয়রা অভিযোগ করেন, প্রাইভেটকারের চালক ও যাত্রীরা সবাই নেশাগ্রস্ত ছিলেন এবং তাদের বয়স ১৫–১৬ বছরের মধ্যে। বেপরোয়া গতি এবং অভিজ্ঞতার অভাবেই এই দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের হাতে দিয়েছেন। প্রাইভেটকারটির মালিকানা, চালকের পরিচয় এবং পালিয়ে যাওয়া যাত্রীদের শনাক্ত করার কাজ চলছে। নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, আর আহত শিশুটি হাসপাতালে ভর্তি রয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত