আবারও মুখোমুখি দুই মহাতারকা, মেসি–মুলার দ্বৈরথের ইতিহাস কার পক্ষে?

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১১:৩২ এএম

এমএলএস কাপে আবারও মুখোমুখি হতে যাচ্ছেন ফুটবল বিশ্বের দুই তারকা লিওনেল মেসি ও টমাস মুলার। আগামী ছয় ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফাইনালে ইন্টার মায়ামির মাঠে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে মেসি বাহিনী। এই ম্যাচের মধ্য দিয়ে দুই কিংবদন্তির দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত হতে যাচ্ছে নতুন আরেকটি অধ্যায়।

শনিবার রাতে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউইয়র্ক সিটির বিপক্ষে ৫–১ গোলের বড় জয়ে ফাইনাল নিশ্চিত করে ইন্টার মায়ামি। একই রাতে ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনালে সান দিয়েগোকে ৩–১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে ভ্যাঙ্কুভার। ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট দশবার মুখোমুখি হয়েছেন মেসি ও মুলার। এই দ্বৈরথে জার্মান তারকাই এগিয়ে আছেন। দশ ম্যাচের মধ্যে সাতটিতে জিতেছেন তিনি, আর মেসির জয় তিনটি।

ক্লাব পর্যায়ে তাদের সব সাক্ষাৎই হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। মুলার খেলেছেন বায়ার্ন মিউনিখের হয়ে, আর মেসি বার্সেলোনা ও পরে পিএসজির জার্সিতে। এই ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছেন মুলার। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ম্যাচটি ছিল ৮–২ গোলের সেই ঐতিহাসিক ম্যাচ, যা মেসির ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয় হিসেবে পরিচিত। ক্লাব পর্যায়ে মেসির একমাত্র জয় আসে ২০১৪-১৫ মৌসুমের সেমিফাইনালে। সেবার ৩-০ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা।

আন্তর্জাতিক ফুটবলে অবশ্য দুজনের জয়-পরাজয় সমান—দুজনেরই দুটি করে জয়। তবে গুরুত্বের বিচারে মুলারের জয় দুটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ। তিনি জিতেছেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও ফাইনালে। অন্যদিকে মেসির দুটি জয় এসেছে প্রীতি ম্যাচে। সব মিলিয়ে শেষ চারবারের দেখাতেই জয় পেয়েছেন মুলার। এমনকি ভ্যাঙ্কুভারের বিপক্ষেও মেসির সাম্প্রতিক রেকর্ড সুখকর নয়—দুটি ম্যাচেই হেরেছেন তিনি।

এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, আসন্ন ফাইনালে ইতিহাস বদলানোর বড় চ্যালেঞ্জ নিয়ে নামতে হবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে। এমএলএস কাপের এই ফাইনাল শুধু একটি শিরোপার লড়াই নয়, বরং মেসি–মুলার দ্বৈরথের দীর্ঘ ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায় যুক্ত হওয়ার অপেক্ষা। ফুটবল বিশ্ব তাকিয়ে আছে, এবার কার দিকে ঝুঁকবে ভাগ্যের পাল্লা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত