না মানলে ব্যবস্থা

শিক্ষকদের কর্মবিরতির মধ্যেই মাউশির কঠোর নির্দেশনা

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পিএম

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) দেশের সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে বার্ষিক, নির্বাচনী ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়সূচিতে সুষ্ঠুভাবে গ্রহণ ও সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার (১ ডিসেম্বর) অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তরের সকল পরীক্ষা বিনা ব্যর্থতায় সম্পন্ন করতে হবে। শিক্ষক-কর্মকর্তাদের কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম দেখা দিলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে বার্ষিক পরীক্ষা ২০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। নির্বাচনী পরীক্ষা ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। জুনিয়র বৃত্তি পরীক্ষা ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়োজনের সময়সূচি নির্ধারিত আছে। সব আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এদিকে শিক্ষকেরা কয়েকটি দাবির ভিত্তিতে আজ সোমবার থেকে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তারা জানিয়েছে, সরকার তাদের দাবি না মানলে চলমান পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সম্ভাবনা রয়েছে।

শিক্ষকদের প্রধান দাবিগুলো হলো—সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক‍্যাডারে অন্তর্ভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদফতর’-এর গেজেট প্রকাশ, বিদ্যালয় ও পরিদর্শন শাখায় শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদোন্নতি কার্যকর করা, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড অনুমোদন, এবং ২০১৫ সালের পূর্বাবস্থার মতো সহকারী শিক্ষকদের ২ থেকে ৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন-সুবিধা পুনরায় নিশ্চিত করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত