ভূমিকম্পসহ মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যা জানাল কর্তৃপক্ষ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০২:২১ পিএম

রাজধানীর সচিবালয় স্টেশনে দুই কিশোরের মেট্রোরেলের ছাদে উঠে পড়ার ঘটনায় ঢাকার মেট্রোরেলে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।

আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের এমডি ফারুক আহমেদ বলেন, ‘সচিবালয় স্টেশনে ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।’

গতকাল রবিবার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদে উঠে পড়ে দুই কিশোর। ঘটনার সঙ্গে সঙ্গে মেট্রোরেল চলাচল বন্ধ করে প্রতিটি ট্র্যাকে নিরাপত্তা তল্লাশি চালানো হয়। রাত পৌনে ৯টার দিকে একটি বিজ্ঞপ্তিতে ঘটনাটি নিশ্চিত করে ডিএমটিসিএল।

ফারুক আহমেদ জানান, নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সব স্টেশনের প্রবেশপথে অতিরিক্ত সিসিটিভি স্থাপনের কাজ চলছে। যাত্রী ও স্টেশন নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ প্রকল্পের বিষয়ে তিনি বলেন, ‘এ অংশে কাজের কোনো অগ্রগতি নেই। নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে না।’

গত ২১ নভেম্বরের ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের কোনো স্থাপনায় শারীরিক ক্ষতি হয়নি বলে জানান ডিএমটিসিএলের এমডি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত