রায়গঞ্জে পুকুর থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর (৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুরে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, এদিন সকালে ঘুড়কা ইউনিয়নের দেওভোগ বাজার সংলগ্ন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুরে জেলেরা মাছ ধরার সময় শিশুটির লাশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই পুকুর থেকে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে পুকুরপাড়ে উৎসুকজনতার ভিড় জমে।  

এ বিষয়ে রায়গঞ্জ থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া এ ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। শিশুটির মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে স্পষ্ট তথ্য পাওয়া যাবে।

এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আশপাশের এলাকায় খোঁজখবর নিচ্ছি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। শিশুটির পরিচয় ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত