ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে বরিশালস্থ ভোলা জেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমিতির উপদেষ্টা ও বরিশালের সাবেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক, শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. আবদুর রশিদ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক আযাদ আলাউদ্দীন, বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, স্পার্ক গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসাইন খান, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, ইসলামী ব্যাংক বরিশাল শাখার প্রিন্সিপাল অফিসার সৈয়দ মোহাম্মদ জাকির হোসাইন, বিএম কলেজস্থ ভোলা জেলা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের সংগঠক কামরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ভোলা–বরিশাল সেতু শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়; এটি দুই জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। তারা জানান, সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
বক্তারা আরও বলেন, নদীপথের ওপর নির্ভরশীল যাতায়াতের কারণে ভোলা–বরিশালের লাখো মানুষ এখনও দুর্ভোগে পড়েন; জরুরি সেবা, চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রেও পিছিয়ে থাকতে হয়।
বক্তারা অবিলম্বে ভোলা–বরিশাল সেতুর নির্মাণকাজ শুরু করার আহ্বান জানান এবং এ বিষয়ে সরকারি পদক্ষেপ দ্রুত নেওয়ার দাবি করেন।
