খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানা যাবে দুপুরে

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ এএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে তিনি সাংবাদিকদের কাছে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে সোমবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডা. জাহিদ হোসেন হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান। রাত ১২টা ৩৫ মিনিটে তারা হাসপাতাল ত্যাগ করেন।

এরপর রাত ১টার পর থেকে হাসপাতাল এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে কড়া নিরাপত্তা বলয় তৈরি ও ব্যারিকেড স্থাপন করা হয়। 

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে অসুস্থতা বেড়ে গেলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত