রুহুল কবির রিজভী

খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারাদেশের মানুষ উদ্বিগ্ন

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পিএম

বেগম খালেদা জিয়ার অসুস্থতায় সারাদেশের মানুষ গভীর উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনে কোরআন খতম ও সদকায়ে জারিয়া হিসেবে ছাগল জবাই অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবো। তিনি এ দেশের মানুষের সবচেয়ে আস্থার প্রতীক। বহু সংকটে তিনি দেশ ও জনগণকে নেতৃত্ব দিয়েছেন, কখনো দেশ ছাড়েননি।

তিনি বলেন, আজ দেশনেত্রীর অসুস্থতায় শুধু বিএনপি বা অঙ্গসংগঠন নয়, দলের বাইরেও সাধারণ মানুষ গভীর উদ্বেগে আক্রান্ত। তার গুরুতর অসুস্থতায় মানুষের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।

বিএনপির মুখপাত্র বলেন, এখানে আমাদের ইমাম একজন গুণী ব্যক্তি। তার মাধ্যমে এতিম শিশু ও মাদরাসার শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াত করেছে। আমরা বিশ্বাস করি, তাদের দোয়া ও এই সদকায়ে জারিয়া আল্লাহ তাআলা কবুল করবেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সদকায়ে জারিয়া হিসেবে চারটি ছাগল জবাই করে গরীবদের মাঝে বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত