পাবনায় সংঘর্ষের ঘটনায় অস্ত্র হাতে ভাইরাল যুবক তুষার গ্রেফতার

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম

পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের সময় হাতে পিস্তল নিয়ে দেখা যাওয়ার পর আলোচনায় আসা যুবক তুষার মণ্ডলকে (২১) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ডিবি একটি প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।

ডিবির তথ্য অনুযায়ী, সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর এলাকার ধানবান্ধি গ্রাম থেকে তুষারকে আটক করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। 

তুষার ঈশ্বরদীর ভেলুপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।

তুষারের একটি ছবি বিভিন্ন অনুষ্ঠানে জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডলের সঙ্গে পাওয়া যাওয়ায় বিএনপির পক্ষ থেকে তাকে জামায়াতের কর্মী হিসেবে তুলে ধরা হয়। 

তবে জামায়াত এ দাবি প্রত্যাখ্যান করে। পরে পুলিশও তাকে স্থানীয় কর্মী হিসেবে পরিচিত বলে উল্লেখ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ নভেম্বর চরগড়গড়ি মোড়ে জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সে সময় তুষার প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে দুই দলই একে অপরের বিরুদ্ধে মামলা করে।

ঘটনার পর থেকেই তুষার আত্মগোপনে থাকলেও সোমবার সন্ধ্যায় তাকে সিরাজগঞ্জ থেকে আটক করা হয়। 

পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে ঈশ্বরদীর ভেলুপাড়ায় মাটির নিচে লুকিয়ে রাখা পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

জেলা ডিবির ওসি রাশিদুল ইসলাম জানান, সংঘর্ষের পর থেকে তুষার পলাতক ছিল। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং জব্দকৃত আগ্নেয়াস্ত্রও মামলার আলামত হিসেবে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত