যশোরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ২ যুবক আটক

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম

যশোরে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে দুই যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তারা হলেন, যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মান্দার গ্রামের তৌহিদুল আলম সেন্টুর ছেলে নাহিদ আলম জুম্মান (১৯) এবং একই এলাকার আতিয়ার রহমান সিটুর ছেলে আরিফুল ইসলাম (২০)।

এ ঘটনায় মঙ্গলবার রাতে মামলা হয়েছে। ঝুমঝুমপুর কলোনীপাড়ার বাসিন্দা ওই ছাত্রীর মা কোতোয়ালি থানায় মামলায় উল্লেখ করেছেন, তার মেয়ে ওই এলাকার একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে তার মেয়ের সঙ্গে জুম্মানের পরিচয় হয়। সেই সূত্রে জুম্মান প্রায়ই তার মেয়েকে উত্যক্ত করত, নানাভাবে ফুসলাত এবং কুপ্রস্তাব দিত।

গত ৩০ নভেম্বর তার মেয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে দাঁড়িয়ে থাকা ওই দুই আসামি তার মেয়েকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। তিনি জানতে পেরে সেদিন থেকেই অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু মেয়েকে না পেয়ে তিনি কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওয়াহিদুজ্জামান জানান, গত ২ ডিসেম্বর রাতে ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়। ৩ ডিসেম্বর বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত