কালিয়ায় নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম

নড়াইলের কালিয়া উপজেলায় চিত্রা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলীস্থান কবরস্থানের পাশের চিত্রা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করে কালিয়া থানা পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলীস্থান কবরস্থান সংলগ্ন চিত্রা নদীর তীরে অজ্ঞাত একটি মরদেহ দেখেন স্থানীয় কয়েকজন জেলে। পরে এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় করতে থাকে। বিষয়টি কালিয়া থানা পুলিশকে জানানো হলে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহটি একজন নারীর যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। অন্যত্র থেকে নদীর স্রোতে মরদেহটি ভেঁসে এসেছে বলে পুলিশের ধারণা। ওই নারীর মুখ মাফলার দিয়ে বাধা অবস্থায় ছিলো বলে জানায় পুলিশ।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি অবগত হওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত