স্বাস্থ্যসেবায় অস্থিরতা কেন?

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ এএম

দেশের মানুষ কার্যকর এবং সর্বজনগ্রাহ্য স্বাস্থ্যসেবা পাচ্ছে না। এটি যেমন ঠিক আবার এটাও ঠিক যে, এ পর্যন্ত কোনো সরকার স্বাস্থ্য খাতকে সেবাধর্মী করে বিশ্বমানে উন্নীত করার কথা ভাবেননি। কিন্তু কীভাবে বিভিন্ন উপায়ে অর্থ আত্মসাৎ করা যায়, বছরের পর বছর সেই পরিকল্পনা হয়েছে। যার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল ক্ষমতাসীন সরকার। এমনকি স্বাস্থ্য খাতের মৌলিক কাঠামো উন্নত করার জন্য কোনো সরকারই এ পর্যন্ত কাক্সিক্ষত পদক্ষেপ নেয়নি। জানা কথা যে, আমাদের স্বাস্থ্য খাতের সমস্যা হচ্ছে দুর্বল ও দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা, অপর্যাপ্ত সুবিধা, দুর্বল জনস্বাস্থ্য যোগাযোগ এবং দক্ষ জনশক্তির অভাব। এ ছাড়া রয়েছে স্বাস্থ্যসেবা খাতে দুর্নীতি, অপর্যাপ্ত ও অদক্ষ বাজেট ব্যবহার এবং স্বাস্থ্যসেবার উচ্চ ব্যয়ের কারণে অনেক মানুষ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হওয়া। পাশাপাশি স্বাস্থ্যসেবা কর্মীদের অসন্তোষের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে কর্মক্ষেত্রে অবহেলা, পেশাগত চাপ, দুর্বল ব্যবস্থাপনা, পদোন্নতি ও পদায়নে বৈষম্য এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব। এই সমস্যা কর্মীদের মধ্যে নিশ্চিত হতাশা তৈরি করছে। ফলে সেবা প্রদানে তাদের অনাগ্রহের কারণে সরাসরি প্রভাব পড়ছে জনসেবার ওপর। একজন মানুষের পরিশ্রম এবং মেধার মূল্যায়ন করা না হলে, তার মধ্যে অসন্তোষ প্রকাশ পাওয়া স্বাভাবিক। যে কারণে স্বাস্থ্য খাতের বিভিন্ন সেবার সঙ্গে জড়িত মানুষরা নিজস্ব দাবি নিয়ে রাস্তায় নামছেন। প্রশ্ন আসে, এমন পথে তাদের কেন আসতে হলো? কী ধরনের প্রতিবন্ধকতা এবং অসহায়ত্বের কারণে তারা আন্দোলনের পথ বেছে নিলেন?

চার দাবিতে গত ২ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন। তারা দশম গ্রেড চায়। নার্সিং খাতে অস্থিরতা বিরাজ করছে। তারা আট দাবিতে আন্দোলন করছেন। ছয় দাবিতে আন্দোলনে নেমেছেন স্বাস্থ্য সহকারীরা। পাঁচ দিন কর্মবিরতি পালন করে এখন ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দশম গ্রেডের দাবিতে আন্দোলন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। গতকাল তাদের অর্ধদিবস কর্মবিরতি পালনের কর্মসূচি ছিল। স্বাভাবিকভাবেই এসব আন্দোলনে দুর্ভোগে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। যে কারণে স্বাস্থ্য খাতে বিপদের শঙ্কা দেখা দিয়েছে। কিন্তু সময়োপযোগী সমাধান কে করবে? মেডিকেল  টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়কারী মো. মজিবুর রহমান বলেন, ‘আমরা আগে কখনো কর্মবিরতিতে যাইনি। এবার বাধ্য হয়েছি। আমাদের উপায় নেই। রোগী-স্বজনদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

বিশেষজ্ঞরা বলছেন, রাস্তায় নামার আগেই সরকারের উচিত খাত ধরে ধরে যৌক্তিক দাবিগুলো পূরণ করে দেওয়া। সরকারের বেতন কমিশন গঠন করার উদ্যোগ নেওয়ার দরকার ছিল না। এটা নির্বাচিত সরকার এসে করতে পারত। সরকারের এ ভুলের কারণেই বেতনসংশ্লিষ্ট এত আন্দোলন হচ্ছে। এই মুহূর্তে স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে সারা দেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাকেন্দ্রে সেবা বন্ধ রয়েছে। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনে কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য সচিব ফজলুল হক চৌধুরী বলেন, ‘আমাদের  দেয়ালে পিঠ ঠেকে গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।’ দেশ জুড়ে এমন আন্দোলন কীভাবে সমাধানের পথে নিয়ে আসা যায়, সেই পথ দ্রুত বের করতে হবে। কারণ এই খাতে অচলাবস্থা হলে, শেষ পর্যন্ত অবস্থা কোন পর্যায়ে যাবে, তা বলা কঠিন। স্বাস্থ্যসেবা তখনই জনবান্ধব হবে, যখন স্বাস্থ্যকর্মীরা বেতন-ভাতা নিয়ে সন্তুষ্ট থাকবেন। স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত প্রত্যেকের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার। যারা সমাধান করবেন, তারা দ্রুত সেই পথে হাঁটুন। কোনোভাবেই যেন স্বাস্থ্যসেবা বিঘিœত না হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত