প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দিনব্যাপী ১৫তম প্রজাপতি মেলা চলছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গনে বেলুন উড়িয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৫তম প্রজাপতি মেলামেলা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ও প্রজাপতি মেলার আহ্বায়ক অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, প্রজাপতি শনাক্ত করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ মলিকুলার ডেটা তৈরি করেছি। বাংলাদেশের মতো একটি সীমাবদ্ধ সম্পদের দেশেও আমরা এটা করতে পেরেছি। আসুন আমরা সবাই মিলে প্রজাপতি ও প্রকৃতিকে ভালোবাসি এবং সময়ও অর্থ বিনিয়োগ করি।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য বিশিষ্ট বন্যপ্রাণী বিশারদ ও সংরক্ষণবিদ ড. আলী রেজা খানকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড দেওয়া হয়। একই সঙ্গে শাহারিয়ার রাব্বি তন্ময় ও নূরে আফসারীকে (শিক্ষার্থী, প্রাণিবিদ্যা বিভাগ,জাবি) যৌথভাবে বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়াও প্রজাপতি সংরক্ষণ ও সচেতনা বৃদ্ধিমূলক সংবাদ প্রকাশে অবদান রাখার জন্য তিনজন সাংবাদিককে মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়ার পর 'বাটারফ্লাইস অফ বাংলাদেশ' বইয়ের তৃতীয় সংস্করণ উন্মোচন করা হয়।
বইটিতে ৩৬০টি প্রজাপতির প্রজাতির ছবিসহ, প্রজাপতির বায়োলজির ও শনাক্তকারী জিনভিত্তিক তথ্য এবং প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্রে থাকবে প্রজাপতি, প্রজাপতি বান্ধব বৃক্ষাদি ও প্রজাপতির প্রজনন ক্ষেত্রসহ উন্মুক্ত বাগান রয়েছে বলে জানান আয়োজকরা।
এর আগে সকাল পৌনে ১২টার দিকে প্রজাপতির গল্পে পাপেট শো প্রজাপতির অরিগ্যামি প্যারেড প্রদর্শিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথি ও দর্শনার্থী অংশ নেয়।
এছাড়াও প্রজাপতি মেলার দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে। প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
