মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থীতা বাতিলের দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু ব্লকেড ও টায়ারে আগুন দিয়েছে মনোনয়ন বঞ্চিত সমর্থক বিএনপির নেতাকর্মীরা। আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকার ওই সেতুর ওপর ব্লকেড দিয়ে বেশ কয়েকটি টায়ারে অগ্নিসংযোগ করে।
এসময় মনোনয়ন বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই মো. মহিউদ্দিনের সমর্থক দলীয় নেতাকর্মীরা। এ রিপোর্ট লেখার সময় বিকেল ৫টার দিকে অবরোধের মুখে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জ-৩ আসনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
এদিকে, প্রার্থী ঘোষণার পরপর বৃহস্পতিবার রাতেই জেলা শহরে মির্জা ফখরুল ইসলাম ও কামরুজ্জামান রতনের কুশপুত্তলিকা দাহ ও জেলা শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকায় মশাল মিছিল করেছিল মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা মহিউদ্দিনের সমর্থকরা। তারই ধারবাহিকতায় আজ শুক্রবার ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে এ অবরোধ চলছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান ফকির, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা প্রমুখ।
