বের হয়ে যাওয়া সিংহ নিরাপদে খাঁচায়, তদন্ত কমিটি গঠন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ এএম

জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বিকেলে বের হয়ে যাওয়া সিংহটিকে নিরাপদে নিয়ন্ত্রণে এনে পুনরায় খাঁচায় ফিরিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (৫ ডিসেম্বর) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পরপরই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং দর্শনার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিশেষ প্রশিক্ষিত প্রাণী ব্যবস্থাপনা দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই সিংহটিকে অচেতন করে খাঁচায় ফিরিয়ে আনতে সক্ষম হয়। বর্তমানে সিংহটির শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে এবং পশুচিকিৎসক দল নিবিড়ভাবে তার পর্যবেক্ষণ করছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সিংহটি কীভাবে খাঁচা থেকে বের হলো, তা তদন্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্য উপপরিচালক (খামার) মো. শরিফুল হক। তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

দর্শনার্থী ও গণমাধ্যমের উদ্বেগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে নিরাপত্তা আরও জোরদার করা হবে। পাশাপাশি চিড়িয়াখানা এখন সম্পূর্ণ নিরাপদ এবং সব কার্যক্রম স্বাভাবিকভাবে চালু রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত